শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

ছেলেবন্ধু বিষয়টা আসলে কেমন

মাঝে মাঝে এমন  কিছু ঘটনা ঘটে, যা পুরো সমাজ সম্পর্কেই সৃষ্টি করে প্রশ্ন। বেড়াতে এসে একজন কলেজ ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হবে কেন? এ কেমন সমাজ? এ সমাজে কি কোনো মূল্যবোধ নেই? দলবদ্ধ ধর্ষকরা কি কোনো জঙ্গলে বসবাস করে? আর ওরা যদি পরিবারে বাস করে, তাহলে অভিভাবকরা ওদের কোন্ শিক্ষা-দীক্ষায় বড় করলো? ওরা যদি বিদ্যালয় বা কলেজের পাঠ নিয়ে থাকে, তবে সেই পাঠ কেমন ছিলো? আরও একটি বিষয় আছে, সেটি হলো সমাজ। সমাজপতি কিংবা রাজনীতিবিদরা দুষ্টের দমন ও শিষ্টের পালনে নিজ জায়গা থেকে সঙ্গত ভূমিকা পালন করছেন কি? তবে বখাটেদের নানাভাবে প্রশ্রয় দেওয়ার অভিযোগ মাঝে মাঝেই গণমাধ্যমে প্রকাশ হতে দেখা যায়। সব মিলিয়ে এমন এক বাতাবরণ সৃষ্টি হয়েছে সমাজে, যেখানে একজন তরুণীকে দলবদ্ধ ধর্ষণের সাহস পায় দুর্বৃত্তরা।

৭ নবেম্বর বৃহস্পতিবার মিরসরাইয়ের মহামায়া লেক এলাকায় ওই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী ওই দিন সন্ধ্যায় মিরসরাই থানায় মামলা করে। পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী ফেনী থেকে তার ছেলেবন্ধুর সঙ্গে মহামায়া লেকে ঘুরতে আসে। বিকেলে তারা লেকের পাশে পাহাড়ি এলাকায় গেলে রিয়াজ, ফরহাদ ও রবিন তাদের পিছু নেয়। এক পর্যায়ে তারা ছেলে বন্ধুটিকে আটকে রেখে কলেজ ছাত্রীটিকে ধর্ষণ করে। ধর্ষণের অভিযোগে মিঠাছড়া বাজার এলাকা থেকে রিয়াজ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে এই ঘটনায় স্বীকারোক্তিমূলক জনাববন্দী দিয়েছে আদালতে। ঘটনায় জড়িত ফরহাদ (২৬) ও রবিনকে (২৫) গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। রবিন ও রিয়াজ জাহাজে চাকরি করে। স্থানীয় বন্ধু ফরহাদকে নিয়ে তারা মহামায়া এলাকায় বেড়াতে গিয়েছিল। আশা করা যায় অপরাধীরা ধরা পড়বে এবং প্রাপ্য শাস্তি তারা পাবে। তবে মেয়েটির যে ক্ষতি হয়েছে, তা পূরণের তো কোনো উপায় নেই।

প্রশ্ন জাগে, মেয়েটির নারীত্ব ও মর্যাদার যে হানি হলো, তার জন্য কি শুধু দুর্বৃত্তরাই দায়ী? এখানে কি ছাত্রী ও তার ছেলেবন্ধুর কোনো দায় নেই? মেয়ের ছেলেবন্ধুর বিষয়টা আসলে কেমন? এখানে ধর্মের অনুমোদন নেই। কোনো সম্ভ্রান্ত পরিবার কি ছেলে-মেয়ের বিবাহপূর্ব মেলামেশায় স্বস্তি অনুভব করেন? এখানে নৈতিক অপরাধের সম্ভাবনা থাকে। ছেলে-মেয়ের বিবাহপূর্ব মেলামেশার পরিণতি সাধারণত ভালো হয় না। অঙ্গীকার ভঙ্গসহ নানা কারণে আত্মহত্যার মত ঘটনাও ঘটে থাকে। আলোচ্য ঘটনায় আমরা দেখলাম, ছেলেটি মেয়েটিকে নিয়ে শুধু মহামায়া লেকেই ঘুরেনি, সেখান থেকে গিয়েছে নির্জন পাহাড়ি এলাকায়ও। এখানে একটি দৃশ্যপট আছে। সেখানেই দুর্বুত্তরা ধর্ষণ করেছে মেয়েটিকে। মেয়াটার প্রয়োজন ছিল আরো সতর্ক জীবনযাপন।

অনলাইন আপডেট

আর্কাইভ